শুক্রবারের বিকেলে পাবিপ্রবি: প্রকৃতির সান্নিধ্যে এক বিকেলের গল্প

শুক্রবারের বিকেলে পাবিপ্রবি: প্রকৃতির সান্নিধ্যে এক বিকেলের গল্প
ছবিঃ  ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিকেলগুলো অন্য যেকোনো দিনের চেয়ে একটু আলাদা। বিশেষ করে শুক্রবারে। সপ্তাহজুড়ে ব্যস্ত জীবনের ক্লান্তি শেষে বিকেল হলেই মানুষ ভিড় জমায় এই ক্যাম্পাসে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা একা—শুধু প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে। বিশ্ববিদ্যালয়ের ফটক পেরিয়ে ঢুকতেই দেখা যায় ছায়াঘেরা রাস্তা, সবুজ মাঠ, আনন্দ সরোবর আর হালকা বাতাসের সুর। চারপাশে শান্ত এক আবহ—যেন শহরের কোলাহলের বাইরে এক অন্য পৃথিবী।

আনন্দ সরোবরে বিকেলের রঙ:-
বিকেলের পর থেকেই জমে ওঠে আনন্দ সরোবরের পাড়। শিশুদের হাসি, তরুণদের গল্প, বৃদ্ধদের নিরব বসে থাকা—সব মিলে তৈরি হয় এক মায়াময় দৃশ্য। পাখিদের কিচিরমিচির শব্দে ভরে ওঠে চারপাশ। কেউ বসে আছে ছায়াঘেরা বেঞ্চে, কেউ সরোবরের জলে ভেসে থাকা আলোছায়া দেখছে নিঃশব্দে। বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেস এখন যেন এক নতুন আকর্ষণ। ওপরে উঠে দেখা যায় পুরো ক্যাম্পাসের সৌন্দর্য—একদিকে প্রশাসনিক ভবন, অন্যদিকে একাডেমিক ভবন, মাঝখানে সবুজের সমারোহ।

দর্শনার্থীদের চোখে পাবিপ্রবি:-
ঘুরতে আসা মো. রফিকুল ইসলাম বলেন,“পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সত্যিই অসাধারণ। এখানে এলে মনটা শান্ত হয়ে যায়। আর প্রশাসনের বাইক–নিষিদ্ধ উদ্যোগটি খুব প্রশংসনীয়—এতে পরিবেশের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।” আরেক দর্শনার্থী মোসা. ফাতেমা জাহান বলেন,“আমাদের বাচ্চারা সারাদিন ফোনে ডুবে থাকে। তাই আমি ওদের নিয়ে এখানে আসি, যাতে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারে। প্রশাসনের বাইক বাইরে রাখার নিয়মটা আসলেই দারুণ উদ্যোগ।”

প্রকৃতির কোলে এক ছুটির বিকেল:-
শুক্রবার বিকেলে পাবিপ্রবি এখন কেবল শিক্ষার্থীদের পাঠচর্চার স্থান নয়, এটি হয়ে উঠেছে পাবনা শহরের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র। এখানে এসে মানুষ যেন একটু অন্যরকম শান্তি খুঁজে পায়। পাখির ডাকে, সরোবরের জলে সূর্যাস্তের প্রতিচ্ছবিতে আর হালকা বাতাসে মিশে থাকে প্রশান্তির ছোঁয়া।

শেষ বিকেলের রঙে:-
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন আনন্দ সরোবরে পড়তে থাকে সোনালি আলো। মানুষজন ফিরতে শুরু করে, কিন্তু রয়ে যায় বিকেলের সেই প্রশান্তি। যেন পাবিপ্রবির বাতাসে ভেসে থাকে একটাই বার্তা— “প্রকৃতিকে ভালোবাসুন, সে-ই আপনাকে ভালো রাখবে।”

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়