হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
ছবিঃ  রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

"জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই — প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন?" এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় হোমনা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে হোমনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এখনও সেই অধিকার থেকে বঞ্চিত। এটা সংবিধান ও শিক্ষা আইনের পরিপন্থী। শিক্ষা সবার জন্য — এমন নীতির বিপরীতে দাঁড়িয়ে এ ধরনের বৈষম্য বেসরকারি প্রাথমিক শিক্ষাকে অবহেলার বার্তা দিচ্ছে। এসময় তারা আরো বলেন, কিন্ডারগার্টেনগুলো বছরের পর বছর ধরে উপজেলার প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আজ তারা অবহেলিত। শিক্ষার সমতা নিশ্চিত করতে হলে সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও আয়োজকরা জানান।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ