শিক্ষক মাসুকা বেগমের মৃত্যু ও শেষ ইচ্ছা: ব্রাহ্মণবাড়িয়ায় সমাহিত হতে যাচ্ছেন

শিক্ষক মাসুকা বেগমের মৃত্যু ও শেষ ইচ্ছা: ব্রাহ্মণবাড়িয়ায় সমাহিত হতে যাচ্ছেন
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত শিক্ষক মাসুকা বেগম (৩৭) আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর শরীরের ৮৫% পুড়ে গিয়েছিল, যা ছিল প্রাণঘাতী ।

মৃত্যুর আগে হাসপাতালে পাশের বেডে থাকা আরেক শিক্ষককে মাসুকা বেগম তাঁর শেষ ইচ্ছা জানিয়েছিলেন: তাঁকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে সমাহিত করতে হবে। পরিবার সেই ইচ্ছা অনুযায়ী আজ সকালে তাঁর মরদেহ সোহাগপুরে নিয়ে যাচ্ছে।

আজ সকালে বার্ন ইনস্টিটিউট থেকে মরদেহ হস্তান্তর করা হয়। মর্গের বাইরে অ্যাম্বুলেন্সে অপেক্ষারত অবস্থায় মাসুকার বোন পাপড়ি রহমান অঝোরে কাঁদছিলেন। মরদেহ প্রথমে কোয়ান্টাম ফাউন্ডেশনে গোসল করানো হবে, তারপর ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে নিয়ে যাওয়া হবে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু এবং একজন পাইলট। বার্ন ইনস্টিটিউটে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মাসুকা বেগম মাইলস্টোন স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষক ছিলেন এবং ক্লাস নেওয়ার সময়ই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। তাঁর মৃত্যু এই ট্র্যাজেডিতে আরও একটি গভীর শোকের ছায়া ফেলেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ