যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন 'ভিসা ইন্টেগ্রিটি ফি' চালু ২৫০ ডলার, দিতে হবে শিক্ষার্থীদেরও
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য শিক্ষার্থীসহ অন্যান্য ভিসাধারীদের এখন থেকে একটি নতুন ফি দিতে হবে। এই ফির নাম দেওয়া হয়েছে 'ভিসা ইন্টেগ্রিটি ফি'। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় পাস হওয়া 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট' অনুযায়ী এই ফি চালু করা হয়েছে। সব নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী ব্যক্তি, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করতে যাচ্ছেন, তাদের এই ফি দিতে হবে। তবে যাদের ভিসা আবেদন বাতিল হবে, তাদের ফি দিতে হবে না।
বর্তমান অর্থবছরে (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই ফির পরিমাণ ২৫০ ডলার। এটি ভিসা ইস্যু হওয়ার সময় দিতে হবে এবং এটি ভিসা ফি ছাড়া অতিরিক্ত ফি। ভবিষ্যতে এই ফি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হতে পারে।
H-1B ভিসাধারীদের আগে ২০৫ ডলার দিতে হতো, এখন মোট ৪৫৫ ডলার দিতে হতে পারে। B-ভিসাধারী (পর্যটক, ব্যবসায়ী ও শিক্ষার্থী) ব্যক্তিদের উপর এই ফির প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এই ফি কোনোভাবেই মওকুফ করা হবে না। এমনকি, সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি চাইলে ভবিষ্যতে এই ফি আরও বাড়াতে পারবেন।
এই নিয়মটি যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত খরচ বাড়িয়ে দেবে, যা অনেকের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াতে পারে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ