ইসরায়েলের বিমান হামলায় গাজায় অবস্থিত একটি হাসপাতাল আক্রান্ত হয়েছে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ইসরায়েলি বিমান হামলায় গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের আইসিইউ ও সার্জারি বিভাগ ধ্বংস ,গাজা সিটির প্রধান চিকিৎসাকেন্দ্র আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় আইসিইউ এবং সার্জারি ইউনিট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে হামাস। অনলাইনে viral হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হাসপাতাল ভবনে ভয়াবহ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত রোগী ও চিকিৎসকরা দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসককে ফোন করে ২০ মিনিটের মধ্যে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে রাতের অন্ধকারে নারী, শিশু ও আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। হামাস এই হামলাকে "ইসরায়েলের ভয়াবহ যুদ্ধাপরাধ" আখ্যা দিয়েছে।
গাজা সরকারের মিডিয়া অফিসের বক্তব্যে বলা হয়েছে, "এই হাসপাতালে শতাধিক রোগী ও চিকিৎসাকর্মী আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলের এই হামলা মানবতাবিরোধী অপরাধ।" তবে ইসরায়েলি পক্ষ হামলার দায় স্বীকার না করে বিষয়টি তদন্তের কথা জানিয়েছে।
হতাহতের সংখ্যা অনিশ্চিত
গাজার জরুরি সেবা কর্তৃপক্ষ এখনও হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করেনি। উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধের কারণে আল-শিফা ও উত্তর গাজার অন্যান্য হাসপাতাল আগেই অকার্যকর হয়ে পড়ায় আল-আহলি ছিল সিটি এলাকার একমাত্র কার্যকর চিকিৎসাকেন্দ্র।
পূর্ববর্তী হামলার স্মৃতি
২০২৩ সালের অক্টোবরে এই হাসপাতালেই একটি বিস্ফোরণে শতাধিক সাধারণ নিহত হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ মার্চ থেকে নতুন দফা হামলায় অন্তত ১,৫৬৩ জন প্রাণ হারিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা ৫০,৯৩৩ ছাড়িয়েছে। (সূত্র: বিবিসি ও স্থানীয় গণমাধ্যম)
দৈনিক বিজয় নিউজ/ এমই