হোমনায় অসহায় প্রতিবন্ধী বৃদ্ধের জমি দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় এক অসহায় প্রতিবন্ধী বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। দখল হওয়া জমি ফিরে পেতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার (২১ নভেম্বর) দুপুরে হোমসা পৌর সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কুদ্দুস মিয়া। ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাশগাড়ী গ্রামে। জমি দখলের ঘটনায় অভিযুক্তরা হলেন বাশগাড়ী গ্রামের সিরাজ মিয়ার ছেলে মমিন মিয়া, রামকৃষ্ণপুর গ্রামের জয়নাল মাস্টারের ছেলে তুষার এবং দৌলতপুর গ্রামের মহিউদ্দিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুদ্দুস মিয়া বলেন, ২০০০ সালে স্থানীয় বজলু মিয়ার ছেলে গোলাম মোস্তফা মিয়ার কাছ থেকে রামকৃষ্ণপুর মৌজার ৩১৫০ ও ৩১৫৩ নম্বর দাগে মোট ৩৩ শতাংশ জমি ক্রয় করেন তিনি। পরবর্তীতে ৩৩৯৪ নম্বর নামজারি খতিয়ানে নিজের নামে জমি নামজারি করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই জমিতে টিনের বেড়া দিয়ে নিজের দখল বজায় রেখেছিলেন বলেও জানান তিনি।
কুদ্দুস মিয়ার অভিযোগ, সম্প্রতি প্রতিপক্ষরা লোকজন নিয়ে এসে তাঁর জমির টিনের বেড়া ভেঙে জোরপূর্বক জায়গাটি দখল করে নেয়। এ ঘটনায় তিনি প্রতিবাদ জানিয়ে নিজের জমির দখল ফিরে পেতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। তিনি আরও বলেন, আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। নিজের ক্রয় করা জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করতে চাই। কিন্তু প্রভাবশালীদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার জমি উদ্ধারের পাশাপাশি জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করছি। ভুক্তভোগী কুদ্দুস মিয়ার চাচাতো ভাই সাবেক মেম্বার মোঃ বিল্লাল হোসেন বলেন, আমার চাচাতো ভাই প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে সে জায়গা টুকু কিনেছে। কিন্তু মমিন, তুষার, মহিউদ্দিন গংরা অন্যায়ভাবে আমার ভাইয়ের জায়গা দখল করে রাখছে। এসময় তিনি আরো বলেন, তারা আওয়ামীলীগের দোসর। তারা এখনো এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমার অসহায় প্রতিবন্ধী ভাইকে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার ভাইয়ের কেউ নাই। আমরা হোমনা-তিতাসের মাননীয় এমপি মহোদয় ও সরকারের কাছে ন্যায় বিচার চাই। আমার ভাইয়ের জায়গা ফেরত চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চান্দেরচর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন ভুইয়া, চান্দেরচর ইউনিয়ন বিএনপির সদস্য মোতালিব মিয়া, চান্দেরচর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ আনোয়ার, চান্দেরচর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য আমির হোসেন মিয়া সহ বাশগাড়ী গ্রামের গন্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ