ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিভিন্ন আইডিসহ বরকত উল্লাহ লিমন (৩০) গ্রেপ্তার।পুলিশের দাবি, এলাকায় তিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার বড়হিত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করে পুলিশ। পরে ওই ফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আইডির সন্ধান পাওয়া যায়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার বরকত উল্লাহ লিমন উপজেলার বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেন ও মালেকা খাতুনের ছেলে। ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নির্দেশনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বড়হিত এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির এজাহার নম্বর ১৩ এবং জিআর নম্বর ১৮৩। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল