নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, হয়রানিমূলক মামলার অভিযোগ; সরকারি ছড়া ভরাটে উদ্বেগ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ওয়ারিশি সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কবির আহমদের পরিবার। একই সঙ্গে সরকারি কালভার্টসংলগ্ন ছড়া ভরাটের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলী মিয়া ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৪ মেয়েসহ মোট ১০ জন ওয়ারিশ রেখে যান। তাঁর মৃত্যুর পর গ্রামের সরদার শামশুল হক, মাস্টার নিলামং মার্মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দাগ অনুযায়ী পারিবারিক সম্পত্তি বণ্টন করা হয়। এরপর থেকে প্রত্যেক ওয়ারিশ নিজ নিজ বরাদ্দকৃত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগ রয়েছে, পরিবারের এক ওয়ারিশ আজগর আলী প্রবাসে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে মো. ইউসুফ (পিতা: মো. ছুরত আলম)কে দিয়ে ৫৫/২৬ নম্বর মামলা দায়ের করিয়েছেন। তবে বিবাদীপক্ষের দাবি, মামলার ম্যাপশিট ও দাগ নম্বর যাচাই করলে বাদীদের দাবিকৃত জমির সঙ্গে মামলায় উল্লেখিত দাগের অসংগতি পাওয়া যায়।
মামলায় বিবাদী হিসেবে রয়েছেন কবির আহমদ ও তাঁর ছেলেরা—সিদ্দিক আহমদ, মনির আহমদ, নুর মোহাম্মদ এবং নুরুল হাকিম বাবুল। এদিকে, মামলার তদন্তের অংশ হিসেবে ভূমি অফিসের সার্ভেয়ার মো. ইব্রাহিম নোটিশ প্রদান করে ঘটনাস্থলে তদন্তে গেলে বাদীপক্ষের কাউকে উপস্থিত পাননি বলে জানা গেছে। পরবর্তীতে পুনরায় নোটিশের মাধ্যমে জমিটি তদন্ত করা হবে বলে তিনি জানান। ভুক্তভোগী কবির আহমদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে পৈতৃক ওয়ারিশি সম্পত্তি পারিবারিকভাবে বণ্টন অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। হঠাৎ করে প্রবাসে অবস্থান করে অন্য লোকের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার কাগজপত্র, ম্যাপশিট ও দাগ নম্বর সঠিকভাবে যাচাই করলেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে। আমরা কোনো অন্যায় করিনি, অথচ এ মামলা ও বিভিন্ন ধরনের চাপের কারণে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন। আমরা কারও সঙ্গে বিরোধ চাই না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি, প্রকৃত ঘটনা যাচাই করে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
অন্যদিকে, জমি নিয়ে বিরোধের পাশাপাশি আরেক ওয়ারিশ আইয়ুব আলী আনছারির বিরুদ্ধে নিজের জমি ভরাট করতে গিয়ে সরকারি কালভার্টসংলগ্ন একটি ছড়া ভরাট করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই ছড়ার ওপর একাধিক কালভার্ট ও সেতু রয়েছে। ছড়াটি ভরাট করা হলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, সরকারি ছড়ার সীমানা নির্ধারণ করে পানি চলাচলের স্বাভাবিক পথ সচল রাখতে প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করুক। সচেতন মহলের মতে, ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধ এবং সরকারি ছড়া ভরাটের অভিযোগ—দুটি বিষয়ই গুরুত্বের সঙ্গে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। জমির প্রকৃত মালিকানা, দাগ নম্বর ও মামলার সত্যতা যাচাইয়ের পাশাপাশি সরকারি ছড়ার সীমানা নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয় এবং সরকারি পানি চলাচলের পথ রক্ষা পায়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি