কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশু রায়হানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশু রায়হানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ছবিঃ আলাউদ্দিন খান

দৈনিক বিজয় নিউজ কলাপাড়া প্রতিনিধিঃ

​পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। রাসেল ও রুমানা বেগম দম্পতির মাত্র ১০ মাসের শিশু সন্তান রায়হান নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

​ঘটনার বিবরণ:
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ই অক্টোবর দুপুরে শিশু রায়হান তার বাবার পাশে ঘুমিয়ে ছিল। মা রুমানা বেগম স্বামী ও সন্তানকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘরের দৈনন্দিন কাজে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি দেখেন শিশু রায়হান বাবার পাশে নেই। ​মায়ের আত্মচিৎকারে বাবা ঘুম থেকে জেগে ওঠেন এবং শুরু হয় স্বজনদের আকুল আহাজারি। মুহূর্তের মধ্যে প্রতিবেশীরা ছুটে আসেন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। শিশুটিকে হারিয়ে পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

​প্রশাসনের পদক্ষেপ ও মরদেহ উদ্ধার:
স্বজনরা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় প্রশাসন ও কলাপাড়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। ​অবশেষে নিখোঁজের দুই দিন পর, ১৭ই অক্টোবর সকালে শিশু রায়হানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। ​ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবার এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ আলাউদ্দিন খান