অর্থলোভে বিবেক বিসর্জন: দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ প্রবীণ কারবারি আটক
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মাত্র কটি টাকার মোহে অন্ধ হয়ে সমাজে ধ্বংসাত্মক বিষ ছড়িয়ে দেওয়ার এক মর্মান্তিক নজির মিলল কুমিল্লার দেবীদ্বারে। বয়সের ভারে যেখানে একজন মানুষের সমাজকে পথ দেখানোর কথা, সেখানে ক্ষতিকর মাদক ছড়িয়ে তরুণ প্রজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া (৬০) নামে এক ষাটোর্ধ্ব প্রবীণকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকা থেকে তাকে আটক করে র্যাবের আভিযানিক দল। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত জহিরুল হক ভূঁইয়া উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে। আটকের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ—প্রায় ৩৭ কেজি গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা ও দেশের বিভিন্ন প্রান্তে খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন। স্থানীয় সচেতন মহলের মতে, সমাজের প্রতিটি গ্রাম বা মহল্লায় এমন কিছু অর্থলোভী মানুষ অর্থের লালসায় সমাজকে বিষাক্ত করে তুলছে। এক শ্রেণীর বিবেকহীন মানুষের এমন কর্মকাণ্ডে বিপথগামী হচ্ছে উদীয়মান যুবসমাজ, ধ্বংস হচ্ছে অজস্র পরিবার। প্রবীণ বয়সে যেখানে নীতি-নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করার কথা, সেখানে সামান্য উপার্জনের আসায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলা অত্যন্ত আশঙ্কাজনক।
আজ সোমবার (১২ অক্টোবর) র্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. ইমরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এমন শূন্য সহনশীলতা অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, র্যাবের আভিযানিক দল ৩৭ কেজি গাঁজাসহ জহিরুল ইসলামকে দেবীদ্বার থানায় হস্তান্তর করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার দুপুরে আসামিকে আদালত হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ