রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা

রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি, রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে জরুরি প্রতিবাদ সভা করেছে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ। সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তা না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গত ১৬ জুন ২০২৬ তারিখে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজিত এক অনুষ্ঠানে একটি স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও হুমকিসূচক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করা হয়। সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন। এ প্রতিষ্ঠানের নেতৃত্ব ও সদস্যদের নিয়ে অশালীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান শুধু প্রেসক্লাবের মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং সমগ্র সাংবাদিক সমাজকে হেয় করার শামিল।

বক্তারা সোহেল মাহবুবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি যদি অবিলম্বে প্রকাশ্যে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সভায় রাজশাহী প্রেসক্লাবের নতুন সদস্য অনুমোদন, প্রেসক্লাব নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, প্রেসক্লাবের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুল সবুর ও শাহরিয়ার অন্ত, যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন ও নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক জিএম হাসান ই সালাম বাবুল, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য মোঞ্জুয়ারা খাতুন, আজিবার রহমান, রুবেল সরকার, রাজিব আলী রাতুল এবং রাউফ উদ্দিন রাফি। সভা শেষে রাজশাহী প্রেসক্লাবের ঐক্য, মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবকে ঘিরে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন