কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণে শিক্ষামন্ত্রীর সাথে আনসার-ভিডিপি'র মহাপরিচালকের সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশে দক্ষ মানবসম্পদ গঠন ও আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মহাপরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ঢাকায় মন্ত্রীর সচিবালয়ের অফিসে ৯ জুন অনুষ্ঠিত এ সাক্ষাতে আনসার-ভিডিপির চলমান প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মহাপরিচালক দেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত দক্ষতা উন্নয়নমূলক (স্কিল ডেভেলপমেন্ট) প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ভিত্তিক উদ্যোগ এবং বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে কলেজ ভিত্তিক ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন। এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করে তোলার উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। পাশাপাশি কলেজ ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মহাপরিচালক জানান, চলমান দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার দুটি কলেজে পরীক্ষামূলক ভাবে পাইলট প্রকল্প ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। সূত্র জানায়, কলেজ ভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে দেশের বিপুলসংখ্যক তরুণ-তরুণী দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের আওতায় আসবে। এর ফলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ দেশের বেকারত্ব হ্রাস, আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান