বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রতিনিধি হলেন পাবনার এনামুল হক
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ এ প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের বিশেষ সহকারী ও সিএসএফ সদস্য এনামুল হক এনাম। রোববার ১৭ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নির্বাচন পরিচালনা প্রতিনিধিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এনামুল হক এনামের এই মনোনয়নে পাবনাসহ স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মাঠপর্যায়ে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে সুনাম অর্জন করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই নির্বাচনী কার্যক্রমে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ক্রীড়া উন্নয়ন ও ক্রিকেট সংগঠনে তার অভিজ্ঞতা আরও কার্যকরভাবে কাজে লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং জেলা পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এনামুল হক এনামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শুভানুধ্যায়ীরা বলছেন, “এনাম ভাইয়ের মতো একজন পরিশ্রমী, বিনয়ী ও ক্রীড়াপ্রেমী মানুষ এই দায়িত্ব পাওয়ায় পাবনার জন্য এটি গর্বের বিষয়।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনামুল হক এনাম। একই সঙ্গে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, পাবনা শহরের জেলাপাড়ার কৃতি সন্তান এনামুল হক এনাম পাবনা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান