‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ নাম প্রকাশে এমপি আমির হামজাকে আইনি নোটিশ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। নোটিশদাতা হৃদয় হাসান কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
গতকাল বুধবার হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে। হৃদয় হাসান জানান, ‘বুধবার দুপুরের পর এমপি সাহেবের কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় জানাতে বা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরে এক ইফতার মাহফিলে আমির হামজা বলেন, ‘গত তিন দিনে মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার ওপরে অফার এসেছে—যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি বা পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না।’ তিনি আরও বলেন, ‘এই পাঁচ বছর দায়িত্বে থাকলে যেন পাঁচ টাকাও বাড়তি না লাগে, সেভাবেই চলতে চাই।’
পরের দিনই এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার চেষ্টাকারীদের নাম ও পরিচয় প্রকাশের দাবি তোলেন। প্রায় এক মাস পর গতকাল বুধবার ছাত্রদলের এই নেতা আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, ‘আমির হামজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় জনসম্মুখে দাবি করেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য তিনি তিন দিনে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছেন—যা তিনি গ্রহণ করেননি। এমনকি কুষ্টিয়া লিখে দিলেও তাঁর অবস্থান বদলানো যাবে না বলেও জানিয়েছেন।’
নোটিশে আরও বলা হয়, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আপনার বক্তব্যের অংশ ছবিসহ প্রকাশিত হয়েছে। প্রশ্ন হলো—শরিয়াহ ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই সমান অপরাধী। যাঁরা আপনাকে ঘুষ দিতে চেয়েছেন, তাঁদের নাম না প্রকাশ করে শুধু নিজেকে সৎ বলে প্রচার করা ঠিক নয়। ঘুষ প্রস্তাবকারীদের নাম গোপন রাখা ও আইনের হাতে না দেওয়ার অর্থ হলো অপরাধীকে আশ্রয় দেওয়া।’
এ প্রসঙ্গে হৃদয় হাসান বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এই আইনি নোটিশ পাঠিয়েছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি চালু না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে আছেন। কারা এর পেছনে কলকাঠি নাড়ছেন, তা আমরা জানতে চাই। প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।’
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, ‘আমির হামজা মেডিকেল কলেজ চালু প্রসঙ্গে বলেছেন, তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। কিন্তু কারা এই টাকার অফার করেছেন, তাদের নাম তিনি বলছেন না। এটি একটি অপরাধ। তিনি জনসম্মুখে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করুন।’
এই বিষয়ে রাত ১১টার দিকে আমির হামজার মুঠোফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়। পরে তাঁর শ্যালক আবু বকর সিদ্দীক জানান, ‘এমপি সাহেব অধিবেশনে ছিলেন। ফোন বন্ধ রেখে বিশ্রামে আছেন। নোটিশ এখনো পাননি, তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। নোটিশ পেলে পরে বক্তব্য দেওয়া হবে।’
দৈনিক বিজয় নিউজ/ ই