ঠাকুরগাঁওয়ে তেল সংকট: পাম্পে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ বাইক চালকদের

ঠাকুরগাঁওয়ে তেল সংকট: পাম্পে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ বাইক চালকদের
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে বাইক চালক ও কৃষকরা। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন পাম্পে তেল নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাচ্ছেন না। একই সঙ্গে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য সরকারি কার্যালয়গুলোতেও দেখা গেছে দীর্ঘ লাইন ও দুর্ভোগ। এরই প্রতিবাদে আজ ১এপ্রিল রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে ‘চৌধুরী পাম্পে’ তেল না পেয়ে ক্ষুব্ধ বাইক চালকরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

এছাড়াও বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী বাজার এলাকায়ও একই দাবিতে সড়ক অবরোধ করেন বাইক চালকরা। বিক্ষুব্ধ চালকরা জানান, “সারাদিন লাইনে দাঁড়িয়েও ২০০ টাকার তেল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত সরবরাহ না থাকায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।” অন্যদিকে কৃষকরাও অভিযোগ করেছেন, জ্বালানি তেলের অভাবে তারা সময়মতো সেচ দিতে পারছেন না, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয়রা দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম