নাইক্ষ্যংছড়িতে তামাক ক্ষেত থেকে কৃষককে অপহরণ
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তামাক ক্ষেত থেকে রিদুয়ান করিম মিন্টু (৩৮) নামে এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এই ঘটনা ঘটে।অপহৃত রিদুয়ান করিম মিন্টু স্থানীয় সোলতান আহমদের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে তামাক ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মিন্টু। এ সময় ৮-১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ অপহৃতের পরিবারের বরাত দিয়ে জানান, কাজ শেষ করার পরপরই ওত পেতে থাকা সন্ত্রাসীরা মিন্টুকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “অপহরণের বিষয়টি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এই অপহরণের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি