ঠাকুরগাঁওয়ে বিয়েতে বরকে ব্যতিক্রমী উপহার: ৫ লিটার অকটেন, এলাকায় চাঞ্চল্য
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের। এমন পরিস্থিতির মধ্যেই ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। সেখানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করেছে হাস্যরস, কৌতূহল এবং আলোচনার জন্ম। অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, “বর্তমান সময়ে জ্বালানি তেল সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান পণ্যে পরিণত হয়েছে। তাই এমন উপহার শুধু সময়োপযোগীই নয়, বাস্তবসম্মতও।” আরেক অতিথি জানান, “এটি শুধু মজার নয়, বরং চলমান পরিস্থিতির একটি প্রতিফলন।” অকটেন উপহারদাতা স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, “পেট্রোল ও অকটেনের জন্য মানুষের দুর্ভোগ চরমে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। তাই নবদম্পতির যাতায়াত সহজ করতে এমন ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে।”
বর রাতুল হাসান সাফি বলেন, “বিয়েতে এমন উপহার সত্যিই ভিন্নধর্মী। সংকটময় সময়ে এটি কাজে লাগবে। এজন্য আমি উপহারদাতাদের প্রতি কৃতজ্ঞ।” বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি এবং নিত্যপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে ব্যতিক্রমী এই ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি যেমন মানুষের মাঝে আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম