রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব স্ট্রোক করে মুয়াজ্জিনের মৃত্যু, সড়ক অবরোধ ও বিক্ষোভ

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব স্ট্রোক করে মুয়াজ্জিনের মৃত্যু, সড়ক অবরোধ ও বিক্ষোভ
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে, আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয়রা রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। তিনি স্থানীয় সাঁকোয়া বাকশৈল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়ভাবে তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাঁকোয়া ঈদগাহে ঈদের নামাজ, কে পড়াবেন তা নির্ধারণ করতে শনিবার সন্ধ্যায় সাঁকোয়া মাদরাসা মাঠে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত মুসল্লিদের মধ্যে ইমাম নিয়োগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ঘটনাস্থলে আলাউদ্দিন ও তার ছেলেরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের দাবি, তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, আলাউদ্দিনের মৃত্যুর পর জামায়াতে ইসলামীর সমর্থকরা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নিহতের মৃত্যুকে কেন্দ্র করে রাতেই তার সমর্থকরা মোহনপুরের রাজশাহী–নওগাঁ মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন। তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, স্থানীয়ভাবে একটি মিটিং চলছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেরা গিয়েছিল। তাদের নিয়ে আসার জন্য তিনি সেখানে যান। এ সময় ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোহনপুর থানা পুলিশ ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন