নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপকূলীয় অঞ্চলে শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

বুধবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড প্রস্তুত। এ উদ্দেশ্যে ১৮ জানুয়ারি থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকায় কোস্টগার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রেরণ করা হয়েছে। এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন চলমান থাকবে। কোস্টগার্ড জানায়, ঢাকা জোনের অন্তর্গত নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল ৩৯টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি চলছে। এসব এলাকায় নিয়মিত টহল ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে।

এছাড়াও, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা তৈরিতে তথ্য প্রচার করা হচ্ছে। বিভিন্ন বয়স ও পেশার জনগণের মধ্যে গণভোটের তাৎপর্য তুলে ধরে একটি নতুন বাংলাদেশ গঠনে তাদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার সুরক্ষা ও যেকোনো সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/