জকসু নির্বাচন ঘিরে পাবিপ্রবিতে মিছিল: দুঃখ প্রকাশ পাবিপ্রবির শিবির সভাপতির
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল বিজয়ী হওয়ার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনন্দ মিছিলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ। ৭ জানুয়ারি (বুধবার) রাতের ওই ঘটনায় সংবাদ প্রকাশের পর ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, 'জকসু নির্বাচনে শিবির প্যানেলের জয়লাভের খবরে কিছু কর্মীর স্লোগান দেওয়ার ঘটনা সংগঠন গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের নির্দেশনা দেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে অভ্যন্তরীণ সতর্কতা জোরদার করা হবে।"
তিনি আরও বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও তা অনেক ক্ষেত্রে কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ অবস্থায় নিষেধাজ্ঞা কার্যকর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। এর আগে বুধবার রাতে স্বাধীনতা হলের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটক পর্যন্ত শিবিরের মিছিল অনুষ্ঠিত হয়। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে প্রকাশ্যে দলীয় স্লোগান ও মিছিলের অভিযোগে বিষয়টি নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন, বিশেষ করে ছাত্রদল ক্ষোভ প্রকাশ করে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, শনিবার ক্যাম্পাস খোলার পর ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। শিবির সভাপতির প্রকাশ্য দুঃখ প্রকাশকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহল ও সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করছে, ভবিষ্যতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখতে সকল ছাত্রসংগঠন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়