রাজশাহী জেলায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ও অপরাধের বিস্তার ধরাছোঁয়ার বাইরের 'মাদক সম্রাটরা'
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী জেলায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ও অপরাধের বিস্তার। মাদকের নীল ছোবলে বিপথগামী হচ্ছে যুবসমাজ, আর এর নেপথ্যে রয়েছে ধরাছোঁয়ার বাইরে থাকা একাধিক ‘মাদক সম্রাট’ ও সংঘবদ্ধ অপরাধী চক্র। এলাকাবাসীর অভিযোগ, এসব চক্র শুধু মাদক ব্যবসাতেই সীমাবদ্ধ নয়—তারা ছিনতাই, চুরি, ডাকাতি, ঘুমের ওষুধ খাইয়ে সর্বস্ব লুটসহ নানা অপরাধে প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। জেলার বিভিন্ন থানা এলাকায় একের পর এক ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা ঘটলেও অনেক অভিযোগই পড়ে আছে তদন্তের অপেক্ষায়। বিশেষ করে রাতের বেলা সাধারণ মানুষের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পথচারী, ব্যবসায়ী এমনকি ঘরের ভেতরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজশাহীবাসী।
স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে তরুণরা দ্রুত এই অপরাধ জগতে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকেত। অনেক পরিবার ইতোমধ্যে মাদকের কারণে সামাজিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান পরিচালনা করা হয়, তবে ঘুম ছিনতাইসহ নতুন অপরাধের ঘটনা অনেকটাই কমে আসবে। পাশাপাশি মাদক সম্রাটদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন তারা। রাজশাহীর সাধারণ মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা—অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাজশাহী, যেখানে মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন