প্রয়াত সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রয়াত সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাইদুর রহমানের দীর্ঘ সাংবাদিকতা জীবন, জনস্বার্থে তাঁর ভূমিকা এবং রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে স্মরণসভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান আনিস, সাংবাদিক আব্দুল মুগনি নিরো, রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল দৌলা, আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টুসহ প্রেসক্লাবের সদস্য, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্মরণসভায় বক্তারা বলেন, সাইদুর রহমান ছিলেন রাজশাহীর জনস্বার্থ ও নাগরিক সমস্যার বিষয়ে সোচ্চার একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে তিনি নগরের বিভিন্ন সংকট, নাগরিক দুর্ভোগ, মানুষের অধিকার ও দাবিদাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন নৈতিক ও জনকল্যাণমূলক আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে রাজশাহীর মানুষের সমস্যা ও সংকট নিয়ে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনের পাশাপাশি রাজশাহীর মানুষেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। স্মরণসভায় বক্তারা আরও বলেন, সাংবাদিকতা ছিল সাইদুর রহমানের জীবনের অন্যতম প্রধান ব্রত। আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ দিকে তিনি দৈনিক ভোরের কাগজে কর্মরত ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি রাশিয়ার মস্কো যান এবং সেখানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পারিবারিকভাবেও সাইদুর রহমান ছিলেন একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি সাবেক গভর্নর ও আইনজীবী আতাউর রহমান এবং ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ছেলে। তাঁর নানা ছিলেন প্রখ্যাত আইনজীবী ও শিক্ষানুরাগী মাদার বখশ। বক্তারা প্রয়াত এই প্রবীণ সাংবাদিকের কর্মময় জীবন স্মরণ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রেখে যাওয়া সাংবাদিকতার আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে স্মরণ করার আহ্বান জানান। স্মরণসভা শেষে প্রয়াত সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে মারা যান রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন