কুমিল্লায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে সশস্ত্র হামলা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে সশস্ত্র হামলা: বখাটেদের পৈশাচিক নির্যাতনে নারীসহ আহত ৩ কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন ১ নম্বর কালির বাজার ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর অতর্কিত সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের এক লোমহর্ষক ও নৃশংস ঘটনা ঘটেছে। বখাটেদের পৈশাচিক নির্যাতনে নারীসহ তিনজন গুরুতর আহত হয়ে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে কালির বাজার ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের জাকির হোসেনের বাড়ির সামনে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এলাকার কিছু বখাটে যুবক তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্যক্ত ও ইভটিজিং করে আসছিল। বিষয়টি ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে জানালেও বখাটেরা কোনো কর্ণপাত না করে উল্টো হিংস্র হয়ে ওঠে এবং পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে জুনায়েদ, সোহেল, কাদের ও শুভসহ বেশ কয়েকজন বখাটে যুবক লাঠি-সোটা, রড, দা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকির হোসেনের বাড়ির সামনে এসে ত্রাসের রাজত্ব কায়েম করে। জাকির হোসেন এর তীব্র প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় জুনায়েদের লোহার লাঠির আঘাতে জাকিরের ডান হাতের কনুইয়ের নিচের হাড় ভেঙে যায়। পারিবারিক সূত্রে আরও জানা যায়, জাকিরকে রক্ষা করতে তাঁর স্ত্রী শাহিনুর আক্তার ও স্কুলপড়ুয়া মেয়ে শাকিলা আক্তার এগিয়ে এলে বখাটেরা তাঁদের ওপরও পৈশাচিক নির্যাতন চালায়। হামলাকারীরা শাহিনুর ও শাকিলার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং তাঁদের পরিধেয় কাপড় টেনে ছিঁড়ে ফেলে চরম মর্যাদাহানিকর পরিস্থিতি সৃষ্টি করে। বখাটেদের নির্মম মারধরে শাহিনুর আক্তারের ডান হাতের হাড়ও ভেঙে যায়।
হামলার একপর্যায়ে ত্রাসের সৃষ্টি করে শাহিনুরের কান থেকে ৮ আনা ওজনের স্বর্ণের দুল এবং শাকিলার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। পাশাপাশি ঘরের দরজা-জানালা, দামি আসবাবপত্র এবং প্রাঙ্গণের ফলদ গাছপালা নির্বিচারে ভাঙচুর করা হয়। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে বখাটেরা প্রাণনাশ ও বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। রক্তাক্ত ও জখম অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আহত পরিবারটির আর্তনাদ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী গৃহকর্তা মো. জাকির হোসেন বাদী হয়ে সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বখাটে ও সন্ত্রাসীদের এমন বেপরোয়া ও ভয়ংকর রূপ দেখে পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত প্রধান অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ