নওগাঁয় অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তির এ আই সিসি ক্যামেরা চালু হলো

নওগাঁয় অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তির এ আই সিসি ক্যামেরা চালু হলো
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় অপরাধ সনাক্তের আধুনিক প্রযুক্তির এআই সিসি ক্যামেরা চালু হলো চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরা। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে শহরের সার্বিক নিরাপত্তা নজরদারির আওতায় আনা হচ্ছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, স্থাপন করা এসব ক্যামেরায় ধারণ করা দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করা হবে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে। ক্যামেরার মাধ্যমে কোনো এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধ সংঘটনের ঘটনা শনাক্ত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তা দ্রুত বিশ্লেষণ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠাতে সক্ষম হবে।

পুলিশের দাবি, এআই প্রযুক্তির সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ সংঘটনের পর অপরাধী শনাক্ত করার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই সন্দেহজনক গতিবিধি নজরে আনা সম্ভব হবে। ফলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে জেলা পুলিশ। একই সঙ্গে শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতেও এ উদ্যোগ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। নওগাঁ শহরে পুলিশের এই আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার