সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ী ইউনিয়নে আনসার কমান্ডার ইয়াছিন আলী এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করেছেন। তিনি ইউনিয়নের সানাপাড়া গ্রামেপরিবেশবান্ধব উপায়ে তৈরি করছেন জৈব সার, জৈব কীটনাশক ও জৈব ছত্রাকনাশক। তার উঠানেই তৈরি হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২৬) সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইয়াছিন আলীর নিজ বাড়ির উঠানে গ্রীষ্মকালীন পেঁয়াজের 'এন-৫৩' জাতের বীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পেশায় আনসার প্লাটুন কমান্ডার হলেও ইয়াছিন আলী নিজের মেধা, প্রজ্ঞা ও গবেষণাকে কাজে লাগিয়ে এলাকায় একজন আদর্শ কৃষক হিসেবে সুপরিচিত। তিনি নিজ বাড়ীর উঠানেই সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে তৈরি করছেন জৈব সার, জৈব কীটনাশক ও জৈব ছত্রাকনাশক। কেমিক্যাল বিষমুক্ত এসব উপাদান ব্যবহার করে তিনি শাকসবজি, ধান, পাট ও কলাসহ বিভিন্ন কৃষিপণ্য সফলভাবে উৎপাদন করছেন। নিজের এই কৃষি ভাবনা ও উদ্যোগ সম্পর্কে আদর্শ কৃষক মোঃ ইয়াছিন আলী বলেন, আনসার বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মাটির টানেই আমি কৃষিকাজে আত্মনিয়োগ করেছি। রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিষমুক্ত ফসল উৎপাদন করা যায়, সে লক্ষ্যেই আমি নিজ বাড়ীতে জৈব সার ও জৈব ছত্রাকনাশক তৈরি করছি।
গ্রীষ্মকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে উঠানেই 'এন-৫৩' জাতের বীজ বপণ করেছি। সঠিক যত্ন পেলে এই বীজ থেকে ভালো চারা উৎপাদন করে আমরা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় কৃষকদের মাঝেও তা ছড়িয়ে দিতে পারবো। গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ রোপণের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী বলেন, আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখছেন। কমান্ডার ইয়াছিন আলীর এই বিষমুক্ত জৈব কৃষি ও উঠানে পেঁয়াজ বীজ উৎপাদনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী তাঁর সদস্যদের কাজে লাগিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গরীব-অসহায় ব্যক্তিদের পাকা পাট কেটে সহযোগিতা করা, জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করা, ভারী বর্ষণে উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু রাখাসহ বিভিন্ন সামাজিক কাজ করে আরও প্রশংসা কুড়িয়েছ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ