কলাপাড়ায় জমি জমার বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে জখম, আদালতে মামলা দায়ের
দৈনিক বিজয় নিউজ কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ
কলাপাড়া, পটুয়াখালী - জমি জমার বিরোধকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিগর এলাকায় এক যুবককে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম আমিনুল ইসলাম (৩০)। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া আদালতে পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ আগস্ট ২০২৬ তারিখে আমিনুল ইসলাম তার নিজস্ব ভোগদখলীয় জমিতে বীজ রোপন করছিলেন। এ সময় জহিরুল ইসলাম দফাদার, কামরুল দফাদার, কোহিনুর বেগম, শাহাদত ও কামাল নামের পাঁচ ব্যক্তি সেখানে এসে আমিনুলের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং লোহার পাইপ দিয়ে আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে আমিনুলের চিৎকারে তার বাবা-মা ও স্থানীয় লোকজন ছুটে আসে এবং আক্রমণকারীদের হাত থেকে আমিনুল ইসলামকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। আহত আমিনুল ইসলাম বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তার পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ আলাউদ্দিন খান