নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মিতা কর্মকার গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে থাকা হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মিতা কর্মকার ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী। এ সময় বীরেন কর্মকার পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বেশ কিছুদিন ধরে নিজেদের বসতবাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার