বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সেনাবাহিনীর লংগদু জোন; ত্রাণ পেল ৪০ পাহাড়ি-বাঙালি পরিবার

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সেনাবাহিনীর লংগদু জোন; ত্রাণ পেল ৪০ পাহাড়ি-বাঙালি পরিবার
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে লংগদু জোন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকার ৪০টি পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। লংগদু জোনের উদ্যোগে জোনের আরপি গেটে আয়োজিত অনুষ্ঠানে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, খাবার স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস। তিনি বন্যাদুর্গত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে।

জোন অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া