সিরাজগঞ্জে পিআরএল গমনের দিনই ৪ পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান

সিরাজগঞ্জে পিআরএল গমনের দিনই ৪ পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমনের দিনই সিরাজগঞ্জ জেলা পুলিশের চার সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া সদস্যদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) অবসর-উত্তর ছুটিতে গমনকারী চার পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেন। চেক গ্রহণকারী পুলিশ সদস্যরা হলেন—এএসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম, এএসআই (সশস্ত্র) মো. আব্দুস ছাত্তার, কনস্টেবল মো. রেজাউল করিম এবং কনস্টেবল মো. তারিকুল ইসলাম। চেক প্রদানকালে পুলিশ সুপার তাঁদের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা কর্মজীবনে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দীর্ঘদিনের সেবার যথাযথ মূল্যায়ন ও সম্মানজনক বিদায় নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় পুলিশ সুপার অবসর-পরবর্তী জীবনে তাঁদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য তাঁদের প্রতি শুভকামনা জানান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অবসর-উত্তর ছুটিতে যাওয়ার দিনই লাম্পগ্রান্ট বিলের চেক হাতে তুলে দেওয়ার উদ্যোগটি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি প্রশাসনের দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। সিরাজগঞ্জ জেলা পুলিশ মনে করে, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করা এবং দীর্ঘ কর্মজীবন শেষে তাঁদের সম্মানজনক বিদায় দেওয়া একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ। পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট