নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ ও উপকরণ উদ্ধার সহ দুই জন গ্রেপতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)। তারা উভয়েই মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে এবং পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার