নওগাঁ কারাবন্দী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (৫৬) নামের নওগাঁ জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু নিশ্চিত করেন। আব্দর রশিদ নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা। তিনি রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বলেন, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ সালে ২৪ আগস্ট আব্দুর রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।
আজ শনিবার দুপুর ২ টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নওগাঁ সরকারি সদর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিতে বলেন। পরে বিকেল ৩টার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, নওগাঁ কারাগার থেকে অসুস্থ অবস্থায় আব্দুর রশিদ নামের ওই হাজতিকে বিকেল ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যাবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার