তারেক রহমান আগামী রোববার বগুড়া সফর করবেন

তারেক রহমান আগামী রোববার বগুড়া সফর করবেন
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার বগুড়া সফরে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটাই তার প্রথম সফর। বগুড়া জেলা বিএনপির রেজাউল করিম (বাদশা) জানান, প্রায় ১৯ বছর পর দলের প্রধান তার পৈতৃক জেলা বগুড়ায় আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসনেও মনোনয়ন পেয়েছেন। উল্লেখ্য, বগুড়ার গাবতলীতে তার পিতা ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত। ২০০৬ সালে সর্বশেষ তিনি বগুড়া সফর করেছিলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের বরাতে জানা যায়, ১১ জানুয়ারি সকালে তারেক রহমান গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। বগুড়ায় পৌঁছে তিনি সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন তিনি বগুড়া জেলা বিএনপি আয়োজিত সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন। পরে তিনি বগুড়া থেকে রংপুর গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, তারেক রহমানের রংপুর সফরের সময়সূচি চূড়ান্ত হবে। বগুড়ার গণদোয়া মাহফিল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৭ আসনে খালেদা জিয়া ধারাবাহিকভাবে জয়ী হন। ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনেও বিএনপির প্রার্থীরা জয়লাভ করতেন। ২০১৮ সালে এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতলেও শপথ না নেওয়ায় পরবর্তীতে উপনির্বাচনে আওয়ামী লীগের রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।

দৈনিক বিজয় নিউজ/