ঠাকুরগাঁওয়ের ৩ আসনে ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩টি স্থগিত, ১টি বাতিল
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে জমা পড়া মোট ২১টি মনোনয়নপত্রের মধ্যে ১৭টি বৈধ, ৩টি স্থগিত এবং ১টি বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ঠাকুরগাঁও-১ আসন এ আসনে জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন প্রার্থী। ঠাকুরগাঁও-২ আসন এ আসনে জমা পড়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৬টি বৈধ এবং ২টি স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহম্মদ।
ঠাকুরগাঁও-৩ আসন এ আসনে জমা দেওয়া ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, মামলা সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার বক্তব্য জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, “কিছু ত্রুটির কারণে যেসব মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে পুনরায় জমা দিলে সেগুলো যাচাই করে পরবর্তীতে বৈধ বা বাতিল ঘোষণা করা হবে।” স্থগিত হওয়া প্রার্থীরা তাদের ত্রুটি সংশোধনের আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বাতিল হওয়া প্রার্থী আশা মনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম