এ মাসে ৫ শৈত্যপ্রবাহ, তীব্র রূপ নিতে পারে যেকোনোটি

এ মাসে ৫ শৈত্যপ্রবাহ, তীব্র রূপ নিতে পারে যেকোনোটি
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

দেশে চলতি জানুয়ারি মাসে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দু-তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহের মাত্রা নির্ধারণ সংক্রান্ত মানদণ্ড অনুযায়ী, ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ‘মৃদু’, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে ‘মাঝারি’, ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে ‘তীব্র’ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে ‘অতি তীব্র’ শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, চলতি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ হতে পারে, যার একটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরও অন্তত দুই দিন এর প্রভাব থাকতে পারে। এছাড়াও পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বিশেষ করে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

এদিকে, গত ডিসেম্বর মাসে বৃষ্টিপাতের হেরফের বিশ্লেষণ করে দেখা গেছে, ওই মাসে স্বাভাবিকের চেয়ে ৯৯.৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সিলেট, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টিপাতই রেকর্ড করা হয়নি। ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে। 

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ