খালেদা জিয়ার প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাবর্গের শোক প্রকাশ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক ও সমবেদনা জানিয়েছেন। খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ নিশ্বাস ত্যাগ করেন।বিএনপির ভেরিফায়েড ফেসবুক পৃষ্ঠায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে লেখেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে দীর্ঘ শোকবার্তায় লেখেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা।’ তিনি আরও লেখেন, ‘দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোসহীন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে।’
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লেখেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!’ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গও ফেসবুকে পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ ই