"তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা"

ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সরকার ও দলীয় পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেন্ট (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. বাহারুল আলম বলেছেন, তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এজন্য পোশাকি ও সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা মোতায়েন থাকবেন। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত তারেকের যাতায়াতের পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, ডিএমপির সোয়াট টিম এবং গোয়েন্দা পুলিশ নিয়োজিত থাকবে। তাঁর বাসা ও অফিসেও বিশেষ নিরাপত্তা থাকবে।

বিএনপির পক্ষ থেকেও পৃথক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্রমতে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব দিয়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দলটির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলিত রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আগে থেকেই সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। প্রায় দেড় দশক প্রবাসে থাকার পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ই