নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আমির হামজা (৫৭) নমে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার সহযোগিতায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রঞ্জিত চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান প্রকাশ জামানের পুত্র আমির হামজা (৫৭)। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি