টেকনাফে পাহাড়ী এলাকায় কৃষিকাজ করতে গিয়ে অপহরণের শিকার ১ যুবক:পালিয়ে ফিরছে ১ বৃদ্ধ
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে পাহাড়ী এলাকায় কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এক চাকমা যুবক অপহরণের শিকার হয়েছে। একই সময় অপহরণ চেষ্টার মুখে পড়ে এক বৃদ্ধ পালিয়ে এসেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় ঘটেছে এঘটনা। অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০), তিনিও একই এলাকার বাসিন্দা। পালিয়ে আসা এবাদুল্লাহ জানান, পাহাড়ে কাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকেও ধরে নেওয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষণ করে বলেও জানান তিনি। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক