ঢাকায় আনসার-ভিডিপি'র মহাপরিচালকের সাথে জাইকা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় আনসার-ভিডিপি'র মহাপরিচালকের সাথে জাইকা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। ঢাকায় বৃহস্পতিবার বাহিনীর সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জাইকা প্রতিনিধি দল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে দক্ষতা উন্নয়ন ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাহিনীর প্রায় ৬০ লক্ষাধিক সদস্যের আর্থসামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাহিনীর মহাপরিচালক জাইকাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাইকার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে বাহিনীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সদস্যদের জীবনমান উন্নয়নে সম্প্রতি চালু করা নতুন উদ্যোগ “সঞ্জীবন প্রকল্প” সম্পর্কে জাইকা প্রতিনিধি দলকে অবহিত করা হয়। প্রকল্পটির আওতায় সদস্যদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এছাড়াও বাহিনীর চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই মত প্রকাশ করেন যে, জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীর সদস্যরা ভবিষ্যতে জাপানের শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন, যা তাদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং জাইকার মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে বাহিনীর মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই আর্থসামাজিক অগ্রগতিতে জাইকার সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। এ সময় বাহিনীর উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, পরিচালক মোঃ এনামুল হক খান ও বাহিনীর উর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান