দেশজুড়ে 'অপারেশন ডেভিল হান্ট'র দ্বিতীয় পর্যায় – গত একদিনে আটক ৯৬৮
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শীর্ষক বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সারাদেশে যৌথ বাহিনী ৯৬৮ জনকে আটক করেছে। এ সময় বেশ কিছু অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।
গত শনিবার রাত থেকে শুরু হয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত চার দিনব্যাপী এই অভিযানে মোট ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক সভায় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্ট’ গোষ্ঠী দমনে অভিযান শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ওই দিন রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই অভিযানে ৯৬৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, আটটি ককটেল, পাঁচটি গুলি, ৯টি কার্তুজ, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ছয়টি গ্যাস সেল, ১২টি দেশীয় অস্ত্র ও দুটি বার্মিজ চাকু।
এর আগে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে গত ৮ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
দৈনিক বিজয় নিউজ/ ই