সঞ্জীবন প্রকল্পে কৌশলগত সহযোগিতার আশ্বাস : আনসার বাহিনী প্রধানের সঙ্গে ইকবাল বাহার জাহিদের সৌজন্য সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রবর্তিত *“সঞ্জীবন প্রকল্প”*কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন “নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা, খ্যাতিমান উদ্যোক্তা ও মোটিভেশনাল বক্তা জনাব ইকবাল বাহার জাহিদ। বুধবার ১৭ ডিসেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাহিনীর মহাপরিচালক সঞ্জীবন প্রকল্প-এর লক্ষ্য, কার্যপরিধি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। আলোচনায় বিশেষভাবে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে বাহিনীর সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাহিনী প্রধান জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাসে উদ্যোক্তা তৈরিতে ইকবাল বাহার জাহিদের দীর্ঘদিনের অবদান ও প্রায় ২২ লক্ষ তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ইকবাল বাহার জাহিদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় সঞ্জীবন প্রকল্প একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে গড়ে উঠবে।
এসময় ইকবাল বাহার জাহিদ বলেন, পরিকল্পিত উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সঞ্জীবন প্রকল্প বাহিনীর স্বেচ্ছাসেবকসহ দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাহিনী প্রধানের প্রত্যাশার প্রেক্ষিতে তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নে পরামর্শ, অভিজ্ঞতা এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইকবাল বাহার জাহিদের বাস্তব অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞান কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে সঞ্জীবন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে। উল্লেখ্য, ইকবাল বাহার জাহিদ “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা এক হাজার দিন সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে দেশের ৬৪ জেলা ও বিশ্বের ৫০টি দেশের প্রায় চার লক্ষ তরুণ-তরুণীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করেন। এই ব্যতিক্রমধর্মী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস-এ স্থান লাভ করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা প্রকাশ করেছে, তাঁর অভিজ্ঞতালব্ধ দিকনির্দেশনা ও সক্রিয় সহযোগিতার মাধ্যমে সঞ্জীবন প্রকল্প বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন এবং জাতীয় দারিদ্র্য বিমোচন উদ্যোগে একটি দৃষ্টান্তমূলক কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠা পাবে। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম ও পরিচালক মোঃ এনামুল হক খান এবং বাহিনীর উর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান