ফারাতপুর গ্রামের কাওসার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ

ফারাতপুর গ্রামের কাওসার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ফারাতপুর গ্রামের কৃতী সন্তান মোঃ কাওসার ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ঢাকা সরোয়ারদী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মোঃ কাওসার ফারাতপুর গ্রামের পোস্ট মাস্টার মোঃ আবুল কালাম আজাদের জ্যেষ্ঠ পুত্র। তিনি দুবলিয়া এইচ. কে. বিদ্যানিকেতন স্কুলের প্রাক্তন ছাত্র। ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত কাওসার ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আজ চিকিৎসক হওয়ার পথে এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। কাওসারের মেডিকেলে ভর্তির খবরে পরিবারসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তার এই অর্জনকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে কাওসারের পিতা পোস্টমাস্টার মোঃ আবুল কালাম আজাদ বলেন,“আমি যেমনটা আশা করেছিলাম, আল্লাহ তায়ালা ঠিক তেমনটাই পূরণ করেছেন। এজন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, যেন সে একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারে।”এক প্রশ্নের জবাবে কাওসার বলেন, “মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই সাফল্যের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের দোয়া ও অনুপ্রেরণাই আমাকে আজ এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।”তিনি আরও বলেন, ভবিষ্যতে একজন দক্ষ, সৎ ও মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

কাওসারের ভবিষ্যৎ প্রত্যাশা প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন,“আমার ছেলে যেন স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং সততা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখে—এটাই আমার কামনা।”কাওসারের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস-এর উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন এইচকে বিদ্যা নিকেতনের পরিচালক মোঃ মজিব খান, প্রধান শিক্ষক মিসেস ছানা উল্লা, সাবেক প্রধান শিক্ষক মোঃ ছানা উল্লা খান, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব হেদায়েতুল হক বিশ্বাস, সাবেক ব্যাংকার আব্দুল কুদ্দুস পণ্ডিত, ব্লগার বিল্লাল প্রামাণিক, দুবলিয়া সোবাহান খান ফাউন্ডেশনসহ এলাকার সর্বস্তরের জনগণ। এলাকাবাসীর প্রত্যাশা, কাওসার তার মেধা ও মননশীলতা দিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান