দিনাজপুরে ক্লাইমেট ক্যাম্প ২.০:জলবায়ু সচেতনতায় নতুন প্রজন্মের অঙ্গীকার!

দিনাজপুরে ক্লাইমেট ক্যাম্প ২.০:জলবায়ু সচেতনতায় নতুন প্রজন্মের অঙ্গীকার!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর উদ্যোগে “ক্লাইমেট ক্যাম্প ২.০” অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজে। গতকাল (৩০ অক্টোবর) দিনব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত হয়। চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরীর সভাপত্বিতে ও ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, পরিবেশকর্মী কনিকা রহমান পারুল এবং ভিএসডিএ এর সিনিয়র অফিসার আবু জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ লিড কমিটি-২৫ এর সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারণ সম্পাদক কোলি পূর্ণিমা লুসি সরেণ, সদস্য মোঃ শামীম ও আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রধান অতিথি খন্দকার মোঃ রওনাকুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন এখন শুধু বিজ্ঞানীদের আলোচনার বিষয় নয়, এটি আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মই পারে সবুজ পৃথিবী গড়ার নেতৃত্ব দিতে। আজকের এই ক্যাম্প সেই অঙ্গীকারের প্রতিফলন।” দিনব্যাপী ক্যাম্পে জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, প্লাস্টিকের ক্ষতিকর দিক, বৃক্ষরোপণের গুরুত্ব ও গাছের যত্ন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ উৎসবের আমেজ তৈরি করে। কুইজে বিজয়ীদের হাতে ফলজ চারা গাছ তুলে দেওয়া হয়, যা পরিবেশ রক্ষায় কার্যকর প্রতীক হিসেবে দারুণ প্রশংসা কুড়ায়। প্রায় ২০০ জন শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের সম্মিলিত বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান