ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সমাজসেবক হাফেজ মো. রশিদ আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক ফয়জুর রহমান, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এএমডি আব্দুর রশিদ, নিউ এজ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি নূর আফতাবুল আলম রূপম, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ৭১ টিভি প্রতিনিধি তানভীর হাসান তানু, এটিএন নিউজ প্রতিনিধি এম এ সামাদ, নয়া দিগন্ত হরিপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান এবং রানীশংকৈল উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দৈনিক নয়া দিগন্ত সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের পাঠকদের আস্থা অর্জন করেছে। শত প্রতিকূলতার মধ্যেও গত ২১ বছরে পত্রিকাটি সাংবাদিকতার মান অক্ষুণ্ণ রেখে গণতন্ত্র ও সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিশেষে কেক কেটে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম