বগুড়ায় গাক কর্তৃক আরএমটিপি প্রকল্পের উদ্যোক্তা পর্যায়ে পণ্য ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ায় গাক কর্তৃক আরএমটিপি প্রকল্পের উদ্যোক্তা পর্যায়ে পণ্য ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

​দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় আরএমটিপি প্রকল্পের ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ "পণ্য ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ" কর্মশালা ২৫ অক্টোবর বগুড়ার বনানী গাক টাওয়ারের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ব্যাচে এই কর্মশালায় জেলার ৫০ জন উদ্যোক্তা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাক'র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, যিনি তাঁর বক্তব্যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থাপনায় টিকে থাকতে হলে পণ্যের গুণগত মানের পাশাপাশি কার্যকর ব্র্যান্ডিং এবং সঠিক মার্কেটিং কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি। ড. মাহবুব আলম আরও উল্লেখ করেন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণে এই প্রশিক্ষণ কার্যক্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন গাক দীর্ঘদিন ধরে পিকেএসএফ এর সহায়তায় তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে বহুমুখী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এই বিশেষ প্রশিক্ষণ উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি বহুগুণে বৃদ্ধি, ক্রেতার আস্থা অর্জন এবং বাজারে একটি টেকসই ও শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি প্রত্যয়ী কণ্ঠে আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ বগুড়ার নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন গাক'র উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার এবং প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা সকলে পণ্যের বাজার জাত করণে আধুনিক পদ্ধতির অপরিহার্যতা তুলে ধরেন।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্ল্যান্ট এন্ড পট এর স্বত্বাধিকারী মোঃ শাহীনুর ইসলাম সহ সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। তাঁরা অংশ গ্রহণকারীদের পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, আকর্ষণীয় প্যাকেজিং, গ্রাহক সেবা বিশ্লেষণ এবং আধুনিক বিপণন কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

​উদ্যোক্তারা জানান, এই ধরনের বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে আরও আধুনিক করবে এবং নিরাপদ পণ্যের বাজারে তাদের প্রতিযোগিতার সক্ষমতা উল্লেখ যোগ্য হারে বাড়াবে। অনুষ্ঠানে গাক এর উর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণে গ্রহণকারী উদ্যোক্তা এবং স্থানীয় মিডিয়া কর্মী ও নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। সামগ্রিক ভাবে, গাক ও পিকেএসএফ এর এই যৌথ উদ্যোগ নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এক সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান