ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত
ছবিঃ রাশেদুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল নাসিম উদ্দিন আকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাসিম উদ্দিনকে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন জানান, নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে নাসিম উদ্দিন আকন মোটরসাইকেল চালক শহিদুল ইসলামের গাড়িতে করে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার চাপে নাসিম উদ্দিন আকন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং পাশের একটি গাছের গোড়ায় মাথায় আঘাত পান। পরে তিনি পাশের একটি ডোবায় পড়ে যান। স্থানীয়রা কর্দমাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। মোটরসাইকেল চালক শহিদুল ইসলামও আহত হয়েছেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে মূল সড়কে উঠার সময় মোটরসাইকেলটিকে পিছন থেকে পাথরঘাটাগামী দ্রুতগতির বাসটি ধাক্কা দেয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নাসিম উদ্দিন আকনের মৃত্যুর খবরে রাজাপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন।

কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শোক প্রকাশ করে বলেন, "তাকে হারিয়ে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ মানুষের ভরসাস্থল। দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন।"

নাসিম উদ্দিন আকনের জানাজা সোমবার সকাল ১০টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

দৈনিক বিজয় নিউজ/ রাশেদুল ইসলাম