বগুড়ায় টিএমএসএস ও টাউন লাইফের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর : জাপানে ৩ হাজার কর্মীর কর্মসংস্থান

বগুড়ায় টিএমএসএস ও টাউন লাইফের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর : জাপানে ৩ হাজার কর্মীর কর্মসংস্থান
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

​জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। টিএমএসএস ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড আইসিটি (TISI) এবং জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান টাউন লাইফ কোং লিমিটেড এর মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই চুক্তির মাধ্যমে সিভিল ও ইলেকট্রিক্যাল ট্রেডের ৩০০০ শিক্ষার্থী জাপানিজ ভাষা প্রশিক্ষণ শেষে সরাসরি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। বগুড়ার শাজাহানপুর থানার বনানী সুজাবাদ টিএমএসএস ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড আইসিটি ক্যাম্পাসে বৃহস্পতিবার বর্ণাঢ্য এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি অনুযায়ী, টিআইএসআই-এর সিভিল ও ইলেকট্রিক্যাল ট্রেডের শিক্ষার্থীদের জাপানে কাজের উপযোগী করে গড়ে তুলতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর এই শিক্ষার্থীরা জাপানে চাকরির সুযোগ পাবে, যার সংখ্যা ৩০০০ জন। টিএমএসএস-এর নিজস্ব রিক্রুটিং এজেন্সি TMSS Northern Recruiting Agency এই কর্মসংস্থান প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এছাড়াও জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টাউন লাইফ জাপান-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. তোমিজাওয়া কাজুনোরি। টিএমএসএস-এর পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও টিএমএসএসের নির্বাহী পরামর্শক (আইসিটি ও পরিবেশ খাত) ড. মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মোঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়া তার বক্তব্যে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা ও সুযোগের কথা তুলে ধরে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান। সিইও মি. তোমিজাওয়া কাজুনোরি বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে। চুক্তি স্বাক্ষর শেষে অতিথিরা টিএমএসএস ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড আইসিটি ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের আইসিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নিগার সুলতানা, টিএমএসএসের উপনিবাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, পর্ষদ পরিচালক, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, প্রশাসনের কর্মকর্তা, কলেজের শিক্ষক শিক্ষার্থী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন ও ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান