পাবিপ্রবির লেকে ১৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে ১৩৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পাবনা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে এই পোনা অবমুক্তের কর্মসূচি পালন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা পরিষদের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক সহ অনেকে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “প্রথমেই মৎস্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। তারা জুলাই-আগস্টে একবার মাছ দিয়েছিলেন, আজ আবার ১৩৫ কেজি মাছ অবমুক্ত করেছেন। তারা প্রতি বছরই মাছ দেবেন। আমি ছাত্রদের বলব— তোমরা মাছ বড় হওয়ার জন্য একটু সময় দাও; এই উদ্যোগটা তোমাদেরই জন্য। এপ্রিল বা মে মাসে মাছ ধরার প্রতিযোগিতা হবে। তাই অনুরোধ, এপ্রিল পর্যন্ত কেউ যেন মাছ না ধরে। মাছগুলোকে বড় হতে দাও, তাহলে প্রতিবছরই আমরা মাছ ধরতে পারব এবং মাছের কোনো সমস্যা থাকবে না।” পাবনা জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, “পাবনা জেলার মৎস্য অধিদপ্তর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কার্প জাতীয় পোনা মজুদ করা হয়েছে। স্ট্যান্ডার্ড সাইজের এই পোনাগুলো বড় হলে উৎপাদন প্রায় দশ গুণ বৃদ্ধি পাবে। এতে শিক্ষার্থীদের আমিষের চাহিদা পূরণ হবে এবং তাজা মাছের ব্যবস্থা নিশ্চিত হবে। এটি একটি নিয়মিত কর্মসূচি এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে মাছ সরবরাহ করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়