বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসায় যুক্ত হলো আধুনিক সিসিইউ ইউনিট।
দৈনিক বিজয় নিউজ বরিশাল নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ প্রতীক্ষার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর নতুন এই সিসিইউ বিভাগের উদ্বোধন করেন।
এতদিন এই হাসপাতালে মাত্র আট শয্যার একটি সিসিইউ বিভাগ ছিল। সেখানে শয্যার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি হওয়ায় অনেককেই মেঝেতে থাকতে হতো। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল ছিল। চিকিৎসক ও নার্সের সংকটের কারণে সেবা ও চিকিৎসার মানও খুবই নাজুক অবস্থায় পৌঁছেছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩৩ বছর আগে এ হাসপাতালে সিসিইউ ইউনিট চালু হয়। ২০১৪ সালের ২০ এপ্রিল নতুন আইসিইউ ভবন উদ্বোধনের পর সিসিইউ বিভাগটি দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। কিন্তু আধুনিকায়নের কোনো উদ্যোগ না নেয়ায় দীর্ঘদিন এটি অব্যবস্থাপনায় জর্জরিত ছিল। মাত্র আটটি শয্যা থাকলেও সেখানে ভর্তি থাকত চার থেকে পাঁচ গুণ বেশি রোগী। অতিরিক্ত রোগীর চাপ, চিকিৎসক-নার্স সংকট এবং সরঞ্জামের অভাব মিলিয়ে সিসিইউর অবস্থা খুবই নড়বড়ে ছিল।
হাসপাতাল সূত্র জানায়, নতুনভাবে সাজানো আধুনিক সিসিইউতে এখন ২৪টি শয্যা রয়েছে। প্রতিটি শয্যায় রয়েছে কার্ডিয়াক মনিটর ও অক্সিজেন সংযোগ। স্থাপন করা হয়েছে সেন্ট্রাল এসি, চারটি নতুন শৌচাগার এবং উন্নত মানের আসবাব।
উদ্বোধন শেষে সার্জারি সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সিসিইউ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক অসীম বিশ্বাস বলেন, হাসপাতাল পরিচালকের আন্তরিক প্রচেষ্টায় সিসিইউ বিভাগটি আধুনিক মানে গড়ে তোলা হয়েছে। এতে রোগীরা আগের চেয়ে উন্নত সেবা পাবেন। আগে যেভাবে চরম দুর্ভোগের মধ্যে রোগীদের চিকিৎসা নিতে হতো, এখন আর সেই দুর্ভোগ হবে না।
সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দের দিন। হৃদরোগীরা আর গরমে কষ্ট পাবেন না। আধুনিক সিসিইউতে এখন সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’
দক্ষিণাঞ্চলের মানুষের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে দীর্ঘদিন অব্যবস্থাপনার কারণে রোগীদের নানা ধরনের অসুবিধায় পড়তে হয়েছে উল্লেখ করে মশিউল মুনীর বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে এই হাসপাতালকে একটি শৃঙ্খলার মধ্যে এনে সব বিভাগকে উন্নত ও আধুনিক সরঞ্জাম দিয়ে সাজিয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
হাসপাতালে অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে হাসপাতালের পরিচালক জানান, অবকাঠামোগত সমস্যা প্রকট। কারণ এক হাজার শয্যার হাসপাতালটিতে প্রতিদিন দুই হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে কয়েক হাজার রোগী চিকিৎসা নেন। এখানে শুধু বরিশাল বিভাগের পাঁচ জেলা নয়, পার্শ্ববর্তী শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাটের রোগীরাও চিকিৎসার জন্য আসেন। তিনি বলেন, ‘সীমাহীন সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করার। এ জন্য এরই মধ্যে হাসপাতালের শৃঙ্খলা ফিরেছে। বিভাগগুলোর আধুনিকায়ন, চিকিৎসা সরঞ্জাম সচল করা ও নতুন সরঞ্জাম সংযোজন করাসহ বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আধুনিক সিসিইউ বিভাগ চালু এর মধ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ।’
আধুনিক সিসিইউ চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক এ কে এম নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহামুদ হাসান, কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ এ বি এম ইমাম হোসেন, মাহামুদুল হাসান ও আফজাল হোসেন।
দৈনিক বিজয় নিউজ/ এনামুল হক