স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দৃঢ় পদক্ষেপ

স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দৃঢ় পদক্ষেপ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক জোরালো পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি নিজস্ব বিশেষ অডিট কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি নোয়াখালী ও সেনবাগ শাখায় ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ১১ কোটি টাকার আর্থিক অনিয়মের প্রাথমিক তথ্য উদঘাটন করেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ইতোমধ্যে দুটি বিশেষ অডিট টিম গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ​সোমবার ২০ অক্টোবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরে এক মতবিনিময় সভায় বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে বিস্তারিত আলোচনা করেন। বাহিনীর মহাপরিচালক বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাথে বাহিনীর নিবিড় সম্পর্ক রয়েছে। পরিতাপের বিষয়, আনসার ভিডিপি’র তৃণমূল সদস্যদের আর্থিক অন্তর্ভূক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংকটি অতীতে কাঙ্ক্ষিতভাবে সে লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সুশাসন, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তিনি স্বীকার করেন, অতীতে ব্যাংকিং ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং, অডিট তদারকি ও ঋণ প্রদানে কিছুটা ঘাটতি ছিল। বর্তমানে এসব ঘাটতি চিহ্নিত করে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) প্রবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনৈতিকভাবে ব্যাংকের সুবিধা গ্রহণ করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করে। মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ আরও উল্লেখ করেন, কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে এখন সততা, দক্ষতা ও ব্যাংকের আর্থিক স্বচ্ছতা রক্ষায় অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে।

​তিনি বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি সুশাসন ভিত্তিক, জনগণের আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি জানান, ইতোমধ্যে বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত করার ফলে ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান। বিশেষ অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেলে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমূলক ব্যবস্হার মুখোমুখি করার জন্য দুর্নীতি দমনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। ​১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বর্তমানে ২৫৯টি শাখার মাধ্যমে দেশের আনসার ও ভিডিপি সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকটি আরও সক্ষম ও আধুনিক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, বাহিনী, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান